বিশ্বজুড়ে ট্রাম্প প্রশাসনের আরোপ করা বিশাল অঙ্কের শুল্কের বড় অংশ গত সপ্তাহে মার্কিন সুপ্রিম কোর্ট আটকে দেওয়ার পর এবার নতুন হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যেসব দেশ সাম্প্রতিক বাণিজ্যচুক্তি নিয়ে চালবাজি বা টালবাহানা করবে, তাদের ওপর আরও চড়া হারে শুল্ক আরোপ করা হবে।
সর্বোচ্চ আদালতের ওই রায়ের পর বিভিন্ন দেশ যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের করা বাণিজ্যচুক্তি ও শুল্কের কার্যকারিতা মূল্যায়ন করছে, ঠিক তখন ট্রাম্পের এ হুঁশিয়ারি এল। গত বছর ট্রাম্পের আরোপিত অধিকাংশ শুল্কই ওই রায়ে বাতিল হয়ে গেছে।
এ পরিস্থিতির প্রেক্ষাপটে গত সোমবার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) গ্রীষ্মে স্বাক্ষরিত একটি চুক্তির অনুমোদন স্থগিত করার ঘোষণা দিয়েছে। অন্যদিকে ভারতও একটি সাম্প্রতিক চুক্তি চূড়ান্ত করার জন্য নির্ধারিত আলোচনা পিছিয়ে দিয়েছে।
নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দেশগুলোকে সতর্ক করে বলেন, আদালতের রায়কে ঢাল হিসেবে ব্যবহার করে কেউ যেন আগের প্রতিশ্রুতি থেকে সরে না আসে। তিনি লেখেন, ‘সুপ্রিম কোর্টের হাস্যকর রায় নিয়ে যেসব দেশ চালবাজি করতে চায়, বিশেষ করে যারা বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্রকে ‘লুট’ করেছে, তাদের আরও চড়া শুল্কের মুখে পড়তে হবে। সম্প্রতি তারা যে শুল্কে রাজি হয়েছিল, পরিস্থিতি তার চেয়ে খারাপ হবে। ক্রেতা সাবধান!’







